মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯টি মাদক মামলার আসামি শাহীন হাওলাদার (৪৮)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ থানাধীন ডিঙ্গাভাঙ্গা এলাকার গাঁজা মনিরের তিনতলা ভবনের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদারকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন হাওলাদার ডিঙ্গাভাঙ্গা এলাকার খালেক হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও ৯টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।