প্রচণ্ড গরমে কৃষি জমিতে কাজ করার সময় অসুস্থ হয়ে মুন্সীগঞ্জ সদরে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
নিহত মোফাজ্জল বেপারী (৭০) মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও সঙ্গে কাজ করা অপর কৃষকদের বরাত দিয়ে জানা যায়, রোববার (২৮ জুন) দুপুরে নিজ এলাকার কৃষি জমিতে কাজ করছিলেন মোফাজ্জল বেপারী। এ সময় প্রচণ্ড রোদ ও তাপমাত্রার মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মতামতের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।