মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তের ঘর তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।