মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
এ সময় তাঁরা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ভাঙনের সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
নদীভাঙনে মানুষের জানমাল, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক ও সংসদ সদস্য।
ভাঙন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ ড্যাম্পিং বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।