মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে এক বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া ১৪টি ড্রেজার পাইপের মধ্যে ১১টি উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) খায়ের বেপারীর বাড়ির পাশের একটি পুকুর থেকে পাইপগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় বাসিন্দা কবির খান ড্রেজিং কাজের জন্য ভাড়া নেওয়া পাইপ সংরক্ষণ করে রাখলেও সেগুলো একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে পাইপের মালিককে প্রায় ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয় তাকে।
স্থানীয়দের নজরে পুকুরে পাইপ সদৃশ বস্তু আসার পর অনুসন্ধানে হারানো পাইপের অধিকাংশ উদ্ধার হয়। দীর্ঘদিন পানির নিচে থাকায় পাইপগুলো কাদায় ঢেকে ছিল।
তবে এখনো ৩টি পাইপ উদ্ধার হয়নি। কীভাবে পাইপগুলো পুকুরে গেল এবং কারা সেখানে ফেলেছে— তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়রা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন।