জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দিতে সোমবার (১৫ জুন) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃত্তি অর্জন কেবল একটি ফল নয়; এটি অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তারা শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্ভাবনী মনোভাব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা এই সম্মাননাকে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও সাফল্যমুখী হওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
শেষে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মোট ২৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।