সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ৯
সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ১৬ জুন( দুপুর আনুমানিক ১২টার দিকে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকা থেকে একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীদের মধ্যে ছিলেন মমতাজ বেগম (৩৫), তার স্বামী লিটন (দুবাই প্রবাসী)কে বিদায় জানাতে পরিবারের সদস্য ও স্বজনরা বিমানবন্দরের পথে রওনা হন।
পথিমধ্যে সিরাজদিখান থানাধীন ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ডুবে যায়।
এ ঘটনায় মমতাজ বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া মাইক্রোবাসে থাকা আরও ৯ জন যাত্রী আহত হন। আহতরা বর্তমানে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।