মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন লৌহজং উপজেলার খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই ) দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতাররা হলেন মো. মিজানুর রহমান ওরফে মানিক (২৮), পিতা: মো. শামসুল হক কাজী এবং তার স্ত্রী আশা বেগম (৩৮)। তাদের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানার দক্ষিণ বাগীয়া এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।