মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে মেসার্স এনাম এন্টারপ্রাইজ-এ মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির উদ্দেশ্যে দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মেসার্স এমদাদ এন্টারপ্রাইজ-এ বিভিন্ন ধরনের চাল ও গোখাদ্যের মূল্য তালিকায় দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ফয়সাল আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু বিপণন নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস, খাদ্য পরিদর্শক মো. শামিম হোসেন এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল সার্বিক সহযোগিতা করেন।