মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার বাসিন্দা আরশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশের উঠানে খেলছিল রাফসান। একপর্যায়ে সে পাতাযুক্ত একটি ডাল টান দিলে ঝোপের ভেতরে থাকা ভিমরুলের চাক থেকে অসংখ্য ভিমরুল বের হয়ে তাকে একযোগে আক্রমণ করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটে, চোখ-মুখ ফুলে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিমরুলের কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝোপঝাড় ও গাছপালার আশপাশে থাকা ভিমরুলের চাক অপসারণ এবং শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।