মুন্সীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও টংগীবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) টংগীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নাটেশ্বর এলাকা থেকে রতন শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি নাটেশ্বর এলাকার মৃত আব্দুল জলিল শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল লৌহজং উপজেলার মোছামান্দ্রা এলাকার গোয়ালীমান্দ্রা বড় সুইটগেট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। অভিযানে সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের মৃত শফিক শেখের ছেলে মো. অভি (২০)-কে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।