মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, দিঘিরপাড় বাজারের জনকল্যাণ মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই বাজারের সিরাজ স্টোর-এ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সিরাজ খানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।