মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল দলের সফলতা কামনা করেন।