মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) রাত ৩টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে অধিদপ্তরের জেলা কার্যালয়ের টিম, এসআরবি-১০ (সিপিসি-০২, শ্রীনগর) এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে আটক ১১ জন মাদকসেবীকে ১ থেকে ৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া অপর এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামলাটির বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাসুদুর রহমান।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
