মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ করে ফেসবুকের ভুয়া আইডি থেকে ভয়ভীতি প্রদর্শন ও টাকা-স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী পোশাক পরিবর্তনের সময় তাঁর অজ্ঞাতে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই ভিডিও ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে পাঠিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। ডিবির নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দলটি ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: মুন্সীগঞ্জ জেলা পুলিশ, মিডিয়া সেল।