মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে দলটির বিবদমান দুই পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থকদের এবং অপর পক্ষ বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকদের নেতৃত্বে কর্মসূচি পালন করছিল।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় এলে সপু সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের মাথায় ইটের টুকরার আঘাত লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ জানিয়েছে, তাঁর আঘাত গুরুতর নয়।
পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষই পৃথক কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। এ সময় তিনি ইটের টুকরার আঘাতে আহত হন।
তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন এমপি পক্ষের রনি এবং অপরজন প্রতিপক্ষের একজন ইউপি সদস্য।
মিল্টন দত্ত আরও বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর শ্রীনগর বাজার এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।